অমাবস্যার কারণে জোয়ারের পানিতে নদ-নদীতে পানির চাপ বেড়েছে। পটুয়াখালী জেলা শহরের পুরার বাজার, কাঠপট্টি, মহিলা কলেজরোড, এসডিও রোড, পোস্ট অফিস রোডসহ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

পটুয়াখালী জেলার সর্বত্র ঘূর্নিঝড় সিত্রাং এবং অমাবস্যার প্রভাবে মানুষে মধ্যে চলছে আতঙ্ক। রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত অবিরাম বর্ষণ চলছে। জেলার সর্বত্র দুর্যোগপূর্ণ আবহা বিরাজ করছে। তেতুলিয়া, বুড়াগৌরঙ্গ, রাবনাবাদ, পায়রাসহ নদীতে পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী শতাধিক গ্রাম তলিয়ে গেছে। এতে মানুষের মধ্যে আরো আতঙ্ক ছড়িয়ে পরেছে।

সিডর, আইলাসহ বিভিন্ন সময় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতির শিকার হওয়া জনপদ জেলার প্রায় অর্ধশত ইউনিয়ন এবং ৩টি পৌরসভার সকল শ্রেণি পেশার মানুষ ফের জীবন ও সম্পদহানির শঙ্কায় রয়েছেন। কলাপাড়া উপজেলার লালুয়া, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের দীর্ঘ এলাকায় বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার ফলে এখন জলোচ্ছ্বাস হানা দিলে রাবনাবাদ পাড়ের মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছে।

পটুয়াখালী পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লাগাতার বর্ষণের কারণে পটুয়াখালী জেলা শহরের অনেক নিম্নাঞ্চল বৃষ্টি পানিতে তলিয়ে গেছে।