জামালপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলাসভায় সাংবাদিকদের নিয়ে ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুলের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামপুর প্রেস ক্লাবে এক প্রতিবাদসভার আয়োজন করা হয়েছে। প্রতিবাদসভা থেকে সাংবাদিক নেতারা তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে ইসলামপুর প্রেস ক্লাব সভাকক্ষে ওই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদসভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সাংবাদিক আব্দুস সামাদ, সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, ওসমান হারুনী, এম কে দোলন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ আল নোমান, দফতর সম্পাদক হোসেন রানা, শহিদুল ইসলাম কাজল, লিয়াকত হোসেন লায়ন, মশিউর রহমান টুটুল, হোসেন শাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রোকনুজ্জামান সবুজ, সাহিদুর রহমান, হাসর আলীসহ অন্যান্য সদস্যরা।

জানা যায়, আইন-শৃঙ্খলা কমিটির সভায় কমিটির সদস্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন ইসলামপুরে অবৈধ বালু উত্তোলন ও খাল ভরাট নিয়ে কথা বলেন। এ সময় উত্তেজিত হয়ে উপজেলা চেয়ারম্যান মাইক হাতে নিয়ে সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

আরো জানা যায়, প্রতিবাদে সাংবাদিকরা উপজেলা চেয়ারম্যানের সকল কর্মসূচি বর্জনসহ তিনদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। তা হলো, আগামী শনিবার সকালে ঐতিহাসিক বটতলা চত্বরে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেয়া হবে। ধর্মঘট করা হবে। রোববার ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়া হবে।