ভোলার চরফ্যাসন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর করা করা হয়েছে। এ সময় যুবদল, ছাত্রদলসহ তাদের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চরফ্যাসন উপজেলা যুবদল সভাপতি আশরাফুল ইসলাম দীপু জানিয়েছেন, সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের বাসায় সকাল ১০টার দিকে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা চলছিল। এ সময় যুবলীগ, ছাত্রলীগসহ সরকার দলীয় লোকজন তাদের ওপর অতর্কিত হামলা করে। এমনকি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েও অনেক নেতা কর্মীকে পিটিয়ে কুপিয়ে আহত করা হয়।
আহতরা হলেন মিলন, রাব্বি, সালমান, সাদ্দাম, মোবারক, বাবলু, মেহেদী, আনোয়ার, জাকির, ফয়সাল, বিল্লালসহ ২৫ থেতে ৩০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দীপু ।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



