ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বাসস্ট্যান্ড এলাকায় আলোচিত সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে অলৌকিকভাবে জন্ম নেয়া শিশু ফাতেমার কল্যাণে পাঁচ লাখ টাকা ব্যয় না করে ফাতেমার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখার ঘটনায় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে শোকজ করেছে হাইকোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আগামী তিন সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আদালতে রিটের পক্ষে শুনানিকারী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন, শিশু ফাতেমার জন্য সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ডকে পাঁচ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে ২৮ আগস্ট শিশুটির আইনগত অভিভাবকের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের আইনজীবী মো: রাফিউল ইসলাম।
এদিকে শিশু ফাতেমার কল্যাণে ব্যয়ের ব্যবস্থা না করে শিশুর পরিবারের অন্য সদস্যদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দেয়ায় হাইকোর্ট শুনানি শেষে ময়মনসিংহের ডিসিকে শোকজ করেছেন।