শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীর পথ রোধের পর মারপিট করে মোবাইল ও নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টার নালিতাবাড়ীর ধারা রোডের পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে নালিতাবাড়ী বাজারের আর এন টেলিকমের মালিক মো: রুহুল আমিন দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ছুলুয়াতলা যাচ্ছিলেন। পথিমধ্যে ধারা রোডের পৌরসভার সীমানা খুঁটির পূর্ব পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশধারী তিনজন তার মোটরসাইকেলের গতি রোধ করেন। পরে তারা ব্যবসায়ী রুহুল আমিনকে কিল-ঘুষি মেরে ব্যাগে থাকা নগদ টাকা ও সাতটি মোবাইল টানাটানি করতে থাকেন। এ সময় মুখোশধারী আরো তিনজন তাদের সাথে যোগ দেন। টানাটানির একপর্যায়ে তারা টাকা ও মোবাইলের ব্যাগ ছিনিয়ে নেয়। পরে রুহুল আমিনের ডাকাডাকিতে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। তারা নালিতাবাড়ী হাসপাতালে তাকে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি চলে যান।
ব্যবসায়ী রুহুল আমিন বলেন, আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় নগদ এক লাখ টাকা, দু’টি এনড্রুয়েট মোবাইল সেট ও পাঁচটি বাটন সেটসহ মোট প্রায় তিন লাখ টাকার সম্পদ ছিনতাই করে নিয়ে গেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ‘আমরা ঘটনাটি শুনেছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’



