নওগাঁর মান্দায় পুকুরে ডুবে শামীম হোসেন নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মান্দা সদর ইউনিয়নের হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শামীম ওই গ্রামের সোহেল রানার ছেলে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকার লোকজনের মাঝে এক শোকের ছায়া নেমে এসেছে।
শিশুর বাবা সোহেল রানা জানান, তার ছেলে শামীম শুক্রবার বেলা ১২টার দিক থেকে নিখোঁজ হয়ে যায়। আশপাশের বাড়িসহ কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জুমার নামাজের পর বাড়ির পাশের এক পুকুরে তার লাশ ভেসে উঠলে বিষয়টি জানা যায়। খেলতে গিয়ে ছেলে শামীম সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় বলে ধারণা করছেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারেরর কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



