জমি সংক্রান্ত বিরোধে থানায় মামলা করায় বাদীকে তুলে নিয়ে আসামি সৎভাইয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।
শুক্রবার (২৮ অক্টোবর) জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে চিনারচর গ্রামের আলী আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে। আনোয়ার ওই গ্রামের হানিফ বেপারির ছেলে।
স্থানীয় ভুষন মোল্লা, আছু মিয়া, ফেদু মিয়াসহ অনেকে বলেন, আনোয়ার হোসেন ও তার সৎভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছে। তিন দিন আগে সৎভাই হানিফ বেপারি বিরোধপূর্ণ জমিতে গেলে দু’পক্ষের সংঘর্ষে আনোয়ারের পক্ষের একজন আহত হয়। এ নিয়ে থানায় মামলা করেন আনোয়ার। ক্ষুব্ধ হয়ে হানিফ বেপারি আনোয়ারকে স্থানীয় চিনারচর বাজার থেকে তুলে নিয়ে আলী আকবরের ঘরে আটকিয়ে শারিরিক নির্যাতন করেন। নিরুপায় হয়ে আনোয়ারের ভাই ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
আনোয়ার হোসেন বলেন, ‘আইনের আশ্রয় নেয়ায় তারা প্রাণনাশের জন্য আমাকে বাজার থেকে তুলে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করতে চেয়ে ছিল। সময় মতো পুলিশ না এলে আমাকে তারা মেরে ফেলতো।’
ডিগ্রীরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাঈদুল হাছান বলেন, ‘৯৯৯ কলের মাধ্যমে আমরা জানতে পেরে তাকে উদ্ধার করি। এখন অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



