জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুল নাছের বাবুলের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট পালন করেছেন ওই এলাকায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার সকাল ১১টায় স্থানীয় ঐতিহাসিক বটতলা চত্বরে দু’ঘণ্টা ব্যাপী এ অবস্থান ধর্মঘট পালিত হয়।

এ সময় জামালপুর জেলা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল নাছের বাবুল। পরে ইসলামপুর প্রেসক্লাবে জরুরি সভার আয়োজন করে প্রতিবাদ জানান সাংবাদিকরা। ওই সভায় তিন দিনের প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।