টাঙ্গাইলের নাগরপুরে মাদক সেবনে বাধা দেয়ায় মাদকসেবীদের হাতে সুলতান হোসেন স্বপন (৫৫) নামে এক কলেজদফতরিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন আরো দু’জন।
শনিবার রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া শহীদ তিতুমির বাজারে এ ঘটনা ঘটে। স্বপন শ্যামপুর গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার ছেলে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
জানা যায়, শনিবার রাত ৮দিকে ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চার যুবক রানা, সোলাইমান, আলী ও সাজ্জাদ মাদক সেবন করছিলেন। এ সময় নিহতের ছেলে পলাশ ওই চার যুবককে স্কুল মাঠে মাদক সেবনের জন্য নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে পলাশকে ধাওয়া করেন। পলাশ আত্মরক্ষায় দৌড়ে বাজারের একটি চা-দোকানে আশ্রয় নেন। সেখানে বসে চা পান করছিলেন পলাশের বাবা স্বপন। মাদকসেবীরা তখন দলবলে দেশীয় অস্ত্র নিয়ে স্বপনের ওপর হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী চাচাত ভাই আজমির এগিয়ে এলে তার ওপরেও হামলা করে।
পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় স্বপন ও আজমিরকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. ইমরান হোসেন কলেজদফতরি স্বপনকে মৃত ঘোষণা করেন। আহত আজমিরের অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়। আরেক আহত শিমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি তবে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।



