দিনাজপুরের ফুলবাড়ীতে মোহাম্মদ জনি আহম্মেদ (২১) নামের এক আটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের গোয়ালপাড়া-মাছুয়াপাড়ার মাঝামাঝি ইট ভাটার পূর্ব দিকে ইউক্যালিপ্টাস বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জনি উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেপুর ডাঙ্গা গ্রামের মোহাম্মদ আতাউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ও রঙ মিস্ত্রি ছিলেন।

জানা যায়, জনি গত প্রতি দিনের মতো শনিবার দুপুরে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাত গভীর হলে স্বামী বাড়ি না ফেরায় তার স্ত্রী কাজল রেখা বিষয়টি তার বাবা গিয়াস মণ্ডলকে জানান। পর দিন রোববার সকালে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজল রেখার মা জনির লাশের ছবি দেখে জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ পরিচয় শনাক্ত করেন।

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী এলাকায় কিছু লোক আড্ডা দেয়। এ সময় টহল পুলিশ ধাওয়া দিলে তারা অটোরিকশা রেখে পালায়। অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয় এবং রিকশার গায়ে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করে জানতে পারে অটোরিকশাটি জনির ছিল।

জনির শাশুড়ি রাবেয়া বেগম জানান, শনিবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে জনি বেরিয়ে যায়। এরপর আর ফেরেনি। পরে তার মেয়ে কাজল বিষয়টি তাদের জানালে তারা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে জানতে পারেন তার অটোরিকশাটি পার্বতীপুর থানা হেফাজতে কিন্তু জামাই নিখোঁজ।

সংশ্লিষ্ট ইউপি সদস্য নূরুল ইসলাম বলেন, ‘জনি আমার এলাকার দক্ষিণ বাসুদেবপুর ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশা চালাতেন। ওই অটোরিকশাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড হতে পারে।’

এদিকে রোববার সকালে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশ্রাফুল ইসলাম এবং পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।