জামালপুরের মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় জমি জবরদখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী সুলতান মিয়া। সুলতান মিয়া পূর্ব শ্যামপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। জমি জবরদখলের অভিযোগ এনে একই এলাকার ইউনুস গংদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুরে সুলতান মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে বাদির বাবা আব্দুল খালেক বিবাদি গংদের কাছ থেকে চর গোয়ালিনী মৌজায় বিআরএস ১২৬৭ নং দাগের ৫৫ শতাংশ জমি থেকে সাড়ে ১৩ শতাংশ নালিশি জমি কেনেন। জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় বিবাদি গংরা গত ২৯ আগষ্ট সকালে বিক্রিকৃত জায়গার পাশে রাস্তার কাছে সুলতান মিয়ার আবাদি জমিতে ইট, বালু নিয়ে এসে স্থাপনা নির্মাণ শুরু করে। সুলতান মিয়া বাধা দিলে অভিযুক্তরা মারপিট করার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
সুলতান মিয়া বলেন, আমার আবাদি জমি জবরদখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছি। এখানে যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত ইউনুস গংদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আদালতে মামলা হয়েছে। আদালতে যা সিদ্ধান্ত হবে তা মেনে নেব।