দিনাজপুরের ফুলবাড়ীতে জনি আহম্মেদ (২১) নামের এক আটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের গোয়ালপাড়া-মাছুয়াপাড়ার মাঝামাঝি ইটভাটার পূর্ব দিকে ইউক্যালিপ্টাস বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত জনি উপজেলার দক্ষিণ বাসুদেপুর ডাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন। মাঝেমধ্যে রং মিস্ত্রির কাজ করতেন।
থানা পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজল রেখার মা রাবেয়া বেগম জনির ছবি দেখে বিষয়টি জানতে পারেন এবং ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, লাশের সুরতহাল করার সময় জনির গলায় ছোট কাঁচি দিয়ে খুঁচিয়ে ফুটো করার নমুনা পাওয়া গেছে এবং ঘটনাস্থলে একটি ছোট কাঁচি পাওয়া গেছে যাতে রক্ত লেগে ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।