কক্সবাজারের চকরিয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে ১০ বছর বয়সী শাহাদাত হোসেন নামে এক শিশুকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত (১০) ওই এলাকার মরহুম মোক্তার আহমদের ছেলে।
জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে রাস্তা দিয়ে একা হেঁটে বাড়ি যাচ্ছিল শাহাদাত। এ সময় সড়কের পাশে একটি সুপারি গাছের নিচে মাটিতে কয়েকটি সুপারি পড়ে ছিল। পরে বাড়ির মালিক নাসির উদ্দিন এসে সুপারি চুরির অভিযোগ তুলে শাহাদাতকে রশি দিয়ে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে ব্যাপক মারধর করেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শাহাদাতকে গাছের বাটাম দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মাথা ন্যাড়া করে দেয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় জানাজানি হলে লোকমহলে ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শফিউল আলম খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শাহাদাতের বড় ভাই আবদুর রহিম বলেন, আমার ছোট ভাই শাহাদাত রাতে নানার বাড়ি থেকে ঘরে ফিরছিল। পথে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি সুপারি চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে ব্যাপক মারধর করেন।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্য শফিউল আলমকে পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুপারি চুরির অপবাদে শিশুকে বেঁধে নির্যাতন
কক্সবাজারের চকরিয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে ১০ বছর বয়সী শাহাদাত হোসেন নামে এক শিশুকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত...



