দেবীগঞ্জে কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ মাটিয়ারপাড়া এলাকার বেলপাখুড়ি কবরস্থান থেকে এ কঙ্কালগুলো চুরি হয়।
এর মাঝে তিনটি নারীর এবং একটি পুরুষের কঙ্কাল।
স্থানীয়রা জানায়, সোমবার (৩১ অক্টোবর) সকাল প্রায় ১০টার দিকে কবরস্থানের পাশের মাঠে ছাগল বেঁধে রাখতে গিয়ে স্থানীয়রা কবরস্থানের মাটি এলোমেলো দেখতে পায়। পরে কবরস্থানে প্রবেশ করে চারটি কবরের মাটি সরানো অবস্থায় দেখতে পায় তারা। পরে বিষয়টি তারা দেবীগঞ্জ থানায় অবগত করেন। স্থানীয়রা কবর চারটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ভেতরে কোনো কঙ্কাল দেখতে পাননি। কবরগুলো ছিল লতা, সুফিয়া, ফালাতন নামে তিন নারী এবং আবুল নামে এক পুরুষের।
স্থানীয়রা জানান, গত ১২-১৪ মাস আগে তাদের মৃত্যু হয়। এদিকে লাশ চুরির সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। সকলেই নিজের স্বজনদের শেষ স্মৃতিটুকু হারানোর ভয়ে শঙ্কিত।
ঘটনাস্থল পরিদর্শন শেষে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম চারটি কঙ্কাল চুরির খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কবরস্থান কমিটির পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
এই বিষয়ে জানতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত, জামাল হোসেন ও পরিদর্শক (তদন্ত) রনজু আহম্মেদের মোবাইল ফোনে কল দিলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী উপজেলায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল ।



