জামালপুরের দেওয়ানগঞ্জে এ.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে এর প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং হাতিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের সরকারের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারে প্রধান সড়কের পাশে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু তাহের সরকার, নাদের হোসেন, মধু মিয়া, আব্দুর রশিদ সরকার, আমরুল মেম্বার, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল আলিম, দুলাল মিয়া, নূর ইসলাম, চান মেম্বার জাহাঙ্গীরসহ অন্যরা। বক্তারা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। অভিযোগের মধ্যে ৮-১০ বছর ধরে তার শ্বশুর তাজুল ইসলাম চৌধুরীকে এসএমসির সভাপতি নির্বাচন, স্কুলের জমিতে নির্মিত ৮-৯টি ঘর নিজেদের মধ্যে বন্টন, ৪০ হাতের একটি গৃহে ব্যক্তিগতভাবে নিয়ে আত্মসাৎ, স্কুলের জমি বেদখল, নিজেদের লোক নিয়োগ, সাত-আট লাখ টাকা মূল্যের ১৫-১৬টি গাছ কেটে আত্মসাৎ করা-সহ নানা অভিযোগ উত্থাপন করেন।
এসব অভিযোগের বিষয়ে হাতিভাঙ্গা এ.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ব্যক্তিগত আক্রোশমূলক, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি যা কিছু করেছি সম্পূর্ণ বিধি মোতাবেক করেছি।