বরিশালের বিভাগীয় সম্মেলনের পোস্টার লাগাতে গিয়ে ভোলার চরফ্যাসনে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ছাত্রদল নেতা মো: হাসান রেজা ও মো: হৃদয়সহ পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে চরকলমী ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চরকলমী ইউনিয়নের আঞ্জুরহাট বাজারে ছাত্রদল নেতা হাসান রেজা ও হৃদয়ের নেতৃত্বে ছাত্রদলের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী কয়েকটি গ্রুপে ভাগ হয়ে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলনের পোস্টার লাগাচ্ছিল। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ছাত্রদল নেতা হৃদয়ের পা ভেঙে দিয়েছে বলে দাবি করেছেন চরফ্যাসন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী অনিক।
কাজী অনিক আরো জানান, হামলায় হাসান রেজা, হৃদয়সহ পাঁচজন আহত হয়েছেন। আবারো হামলা হতে পারে এই ভয়ে আহতদেরকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।



