ভোলার লালমোহনে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে রাতের আঁধারে গণহারে পুলিশের অভিযান চালিয়ে সাত যুবদলের নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে।
সোমবার (০১ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভায় নয়ানীগ্রামে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-চরভূতা ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার মাস্টার, পৌরসভার নয়ানী গ্রামের চৌকিদার বাড়ির যুবদল নেতা আলাউদ্দিন ও তার ছেলে শাহিন, হাটকি বাড়ির জুয়েল, রাব্বিসহ সাতজন।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার অভিযোগ করেন, সোমবার রাতে হঠাৎ পুলিশ আমার বাসাসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হাওলাদার, সাবেক ছাত্রদলের সভাপতি মিজান হাওলাদার, সাবেক ছাত্রদলের আহ্বায়ক শহীদ হাওলাদারের বাসাসহ করিম রোড এবং নয়ানী গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে পুলিশ ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় আমাদের সাত বিএনপি ও যুবদল নেতাকর্মীদেরকে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়ায় পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছেন। গ্রেফতার ব্যক্তিরা সবাই উপজেলা বিএনপি ও যুবদলের সক্রিয় নেতাকর্মী।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সোহেল আজীজ শাহীন অভিযোগ করেন, আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় মহা-সমাবেশকে কেন্দ্র করে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আতঙ্ক ছড়াতে পুলিশি অভিযানের মাধ্যমে এ গণ গ্রেফতার করা হয়েছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রেফতার হওয়া সবার মুক্তির দাবি করছি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও রেগুলার মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।



