দীর্ঘ দিন অধ্যক্ষ পদ শূন্য থাকার নতুন অধ্যক্ষ পেলো দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসা।
গতকাল (১ নভেম্বর) প্রখ্যাত মুহাদ্দিস, লেখক ও গবেষক ড. আব্দুল কাদির নিজামী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ভারমুক্ত হন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসা উপাধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হক উসমানী।
দীর্ঘ দিন পর নতুন অধ্যক্ষ পেয়ে তার যোগদান উপলক্ষে জনাকীর্ণ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ড. ছাবের আহমদ, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব জুনায়েদ হাসান, সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান, মাস্টার মোহাম্মদ আলী, মাওলানা শাহাব উদ্দিন, প্রাক্তন ইউপি সদস্য মফিজুর রহমানসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, মুহাদ্দিস ড. মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির নিজামী ইতোপূর্বে গারাঙ্গিয়া মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা ও পদুয়া মাদরাসায় প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স প্রথম শ্রেণিতে প্রথম ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মেধার স্বাক্ষর রাখেন।
নতুন দায়িত্ব পালনে তিনি মাদরাসার গভর্নিং বডি, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।



