গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতারণা করে চাকরি, শিক্ষা বৃত্তি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে শত শত নারীর কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বীনা দেওয়ান নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বীনা দেওয়ানকে বুধবার রাতে গ্রেফতার করা হয়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের তিলক দেওয়ানের স্ত্রী সালমা খন্দকার শাওমী (৩৫), কামাল উদ্দিন দেওয়ানের ছেলে তিলক দেওয়ান (৩৫), স্ত্রী বীনা দেওয়ান (৫৫) এবং মোক্তারপুর গ্রামের হাসেম খন্দকারের মেয়ে শাহনাজ খন্দকার শাহীন (৪০) দীর্ঘ দিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘হাসুমনির সম্প্রীতি‘ ও ‘শাহীন টিউটোরিয়াল‘ নামে একাধিক সংস্থা খোলে। তারা দেওয়ান মার্কেট, মোক্তারপুর বাজারসহ বিভিন্ন স্থানে অফিস নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি, শিক্ষা বৃত্তি, হাজিরা বোনাস, পেনশন, রেশন ও বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে শত শত নারীদের কাছ থেকে প্রতারণা করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন। সম্প্রতি প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে গেলে ভুক্তভোগী নারীরা তাদের টাকা ফেরত চাইলে প্রতারকরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শাহিনুর আক্তার রিমা চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের কামাল উদ্দিন দেওয়ানের স্ত্রী প্রতারক বীনা দেওয়ানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।