সচারচর অন্যান্য খেলার দেখা মিললেও দিন দিন হারিয়ে যেতে বসেছে জাতীয় খেলা হাডুডু। নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী এই খেলা ফিরিয়ে আনতে দিনাজপুরের মোক্তারপুর যুব সঙ্ঘ আয়োজন করেছে ‘শামীম মেম্বার হাডুডু টুর্নামেন্ট’। বিলুপ্তপ্রায় জাতীয় এই খেলাটি দেখতে নানা বয়সের নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বুধবার (২ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আট টিমের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু ও মহিলা সদস্য হাসিনা বেগম।

উদ্বোধনী খেলায় বাসুদেবপুর একাদশ ৩০ পয়েন্ট লাভ করে। ৬৭ পয়েন্ট লাভ করে বিজয়ী হয় দৌলতপুর ঘোড়ারমোড় একাদশ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউপি সদস্য শামীম হোসেন।

দর্শনার্থীরা বলেন, বেশি বেশি চর্চার মাধ্যমে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়াচর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে হবে। গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই আয়োজন করা দরকার এই খেলার। এ খেলাকে টিকিয়ে রাখতে সরকারিভাবেও উদ্যোগ নেয়া উচিত।

এ খেলার উদ্যোক্তা, খয়েরবাড়ী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন বলেন, ‘হাডুডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে তার প্রচলন একেবারেই কমে গেছে। এ খেলার ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এ আয়োজন।’

আগামীতেও হাডুডুসহ দেশীয় অন্যান্য খেলার আয়োজন করবেন বলে জানান তিনি।