নওগাঁর রাণীনগরে এক মাদককারবারিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপর দু’জনের বিরুদ্ধে জমির ধান নষ্ট করার অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলামকে (৩৮) ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। নুর ইসলাম আতাইকুলা গ্রামের আনছার আলীর ছেলে।

তিনি জানান, একই রাতে উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বানিয়াপাড়া গ্রামের শহিদুলের ছেলে জুয়েল হোসেন (৩৫) ও দসরত সোনারের ছেলে এমদাদুল সোনারকে (৪৭) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জমির ধান নষ্ট করার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।