ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার রুহিয়া ঘনিমহেষপুর এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাজেরা বেগম (৫০)। তিনি ওই এলাকার রেজু ইসলামের শাশুড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হাজেরা বেগম আটোয়ারী উপজেলার বামুন কুমার গ্রামের তৈমুর রহমানের স্ত্রী। মেয়ের বাড়ি এসেছিলেন দাওয়াত খেতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরেই তিনি মেয়ের বাড়িতে ছিলেন। সকালে তিনি তার নিজ বাড়িতে ফিরতে রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের পথে একটি ট্রেন আসছিল। তবে তিনি রেললাইন থেকে সরেননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



