নওগাঁর রাণীনগরে ধান ক্ষেত থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সার উত্তর মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়।
স্বপন আকন্দ জয়সার গ্রামের মো: মজিবর আকন্দের ছেলে।
তার বাবা মজিবর রহমান বলেন, শনিবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় স্বপন। এরপর রাত হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। ফলে রাতেই অনেক খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে গ্রামের উত্তর মাঠে ধান ক্ষেতের মধ্যে ক্ষতবিক্ষত লাশ দেখতে পাওয়া যায়।
তিনি আরো বলেন, গত এক মাস আগে সবার অজান্তে বিষ পান করেছিল সে। কিন্তু কেন বিষপান করেছিল তাও আমরা জানতে পারিনি। হঠাৎ করেই রোববার তার লাশ পাওয়া যায়। মাঠের মধ্যে স্বপনের মৃত্যু কিভাবে হয়েছে তাও বলতে পারছি না।
স্বজনরা বলেন, গ্রামে কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই। সক্রিয়ভাবে রাজনীতির সাথেও কোনো সম্পৃক্তা নেই। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে কেউ কোনো ধারনা দিতে পারেনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানিয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, দুপুরে স্বপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বপনের শরীরে নাভির নিচ থেকে ক্ষতবিক্ষত ছিল। হয়তো শিয়ালে তার শরীরের মাংস খেয়ে ফেলেছে। এতে নাড়ি-ভুড়ি বের হয়ে গেছে এবং ডান কোমর থেকে ডান পা পর্যন্ত শিয়ালের কামড়ের মতো ক্ষতবিক্ষত হয়ে আছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।



