কুমিল্লায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা (উত্তরপাড়া) এলাকার বাচ্চু মিয়া (৫০) ও আমির হামজা (৩৫)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
গত সোমবার সকালে এ রায় ঘোষণা করেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ নম্বর আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ শিশু শিমু আক্তারকে (১০) ঘরে একা পেয়ে ধর্ষণ করে দণ্ডপ্রাপ্তরা। শিমু এ ঘটনা তার বাবাকে জানাবে বললে আসামিরা ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহত শিশু শিমুর বাবা দিনমজুর সাইদুল হক বাদি হয়ে আমির হামজা ও বাচ্চু মিয়ার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জামির উদ্দিন জিয়া জানান, আসামিরা আদালতে ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে বলেন, তাদের টার্গেট ছিল দিনমজুর সাইদুল হকের বড় মেয়ে শারমিন আক্তার। কিন্তু ঘটনার দিন শারমিন স্কুলে থাকায় তার ছোট বোন শিমু আক্তারকে ধর্ষণ শেষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ খাটের নিচে ফেলে রাখে। রায়ে খুশি বাবা সাইদুল হক বলেন, পাঁচ বছর পর আমার মেয়ের খুনিদের বিচার পেয়েছি।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত ছিল।