পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সুমি বেগম (৩৫) নামে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পৌর শহরের মোমেনীয়া মাদরাসার পেছনের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুমি বেগম উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেন কালুর স্ত্রী এবং ঢাকা উত্তরা এলাকার কবির মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, চার বছর আগে মোশারফ ও সুমি বেগমের বিয়ে হয়। কালু তিন বছর আগে বিদেশ চলে যান। এরপর তার স্ত্রী সুমি বেগম একাই মোমেনীয়া মাদরাসার পেছনে সৌদি প্রবাসী হাজী ওমর ফারুকের বাড়িতে একটি ভাড়া রুমে বসবাস করে আসছিলেন। গতকাল বুধবার রাতে ঘুমাতে যাবার আগেও পাশের ভাড়াটিয়াদের সাথে কথাবার্তা হয় তার। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তার রুমের দরজা আটকানো দেখে ডাকাডাকি করে না খুললে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে ওপরের টিন খুলে ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে সুমি বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান জামান তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।



