নওগাঁর মান্দায় এইচএসসি পরীক্ষার্থীর মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁজরভাঙ্গা-পলাশবাড়ী বিশ্ববাঁধ সড়কের উত্তর চকরামপুর ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম উপজেলার উত্তর চকরামপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী। অন্যদিকে পরীক্ষার্থী হাবিবুর রহমান তুড়কবাড়িয়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাজেরা বেগম এক সংযোগ সড়ক থেকে ওই পাকা সড়কে উঠছিলেন। এ সময় পরীক্ষার্থী হাবিবুর রহমানের মোটরসাইকেল হাজেরা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’