নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে আন্ত:জেলা চোরচক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে আড়াই লাখ টাকার চোরাই মাল উদ্ধার করা হয়।

শুক্রবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে থানা পুলিশ এসব তথ্য জানায়।

গ্রেফতাররা হলেন, মান্দা থানার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে সান্টু (২৩), একই উপজেলার পারশিমলা গ্রামের ইউনুছ আলির ছেলে সাকিবুর রহমান রনি ওরফে ময়নুল (২৫), পশ্চিম দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আক্তার হোসেন ওরফে আপু (৩৮), আত্রাই উপজেলার চকসিমলা গ্রামের মফিজ সরদারের ছেলে মামুনুর রশিদ মামুন ওরফে মুন্টু (৩২), একই উপজেলার হাটকালু পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)।

নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) গাজিউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাণীনগর উপজেলা সদরের সুফিয়া মার্কেটে মোবাইল শো-রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল ফোন চুরি করে চক্রটি। এ ঘটনায় দোকানের মালিক হাসিবুল হাসান ১৯ সেপ্টেম্বর থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে ব্যাপক তদন্ত চলতে থাকে। একপর্যায়ে চোরাই মালামালসহ চক্রটি ধরার জন্য থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। এরপর তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে জড়িতদের সনাক্ত করা হয়। পরে শুক্রবার ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, এ সময় তাদের থেকে দুই লাখ ৪৫ হাজার ৭৯০ টাকা মূল্যের চোরাই ১৪টি মোবাইল ফোন, চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও তালা কাটা একটি কাটার উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেফতাররা বাড়ি, দোকান, রিকশার চার্জার ব্যাটারি, পুকুরের মাছসহ বিভিন্ন মালামাল চুরি করে থাকে। গ্রেফতারদের মধ্যে অনেকেই শতাধিক চুরির সাথে জড়িত। তারা প্রায় ১০/১২ বার করে জেল খেটেছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, গ্রেফতারদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।