গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাক, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোখলেছুর রহমান (৪৪) নিহত ও তার ছেলে আহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকের চালকসহ গাড়ি তিনটি জব্দ করেছে।
শুক্রবার শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোখলেছুর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার জয়গঞ্জ গ্রামের মো: মফিজুল হকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে ফয়সাল আহমেদ (১১)। তারা শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আটক ট্রাকচালক আনিছুর রহমান (৩৫) টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন সিঙ্গুরিয়া এলাকার চাঁন মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার জৈনাবাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নিচ্ছিল একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেল। এ সময় বেপরোয়া গতিতে ঢাকাগামী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেল ও কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মোখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের ছেলে ফয়সাল আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



