গোপালগঞ্জের মুকসুদপুরে শত বছরের খেলার মাঠ রক্ষার দাবিতে মাঠেই মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাঁচ গ্রামের বাসিন্দারা। এ সময় তারা এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে নেশার আগ্রাসন থেকে বাঁচাতে সরকারি খাস-ভূমিস্থ ওই খেলার মাঠ বাঁচানোর দাবি জানায়।

শনিবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার দাসেরহাট, ভ্রমরগ্রাম, হাকিমপুর, খড়িকাইন ও পূর্ব সালিনাবক্স গ্রামের সাধারণ জনগণ এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার সন্তান অবসরপ্রাপ্ত কর-কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো: রুস্তম আলী মোল্লা, অবসরপ্রাপ্ত কৃষিবিদ ড. নলিনী রঞ্চন বসাক, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় দেড় শ’ বছর ধরে ওই পাঁচ গ্রামের বাসিন্দাদের এটিই একমাত্র খেলার মাঠ। সম্প্রতি এলাকার যুব সমাজ এটিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামকরণ করেছে। এলাকার কিশোর ও যুব সমাজকে নেশার আগ্রাসন থেকে বাঁচানোর জন্য ও খেলাধুলার পরিবেশে আনার জন্য এ মাঠ রক্ষা করা অত্যন্ত জরুরি। এছাড়া এ মাঠটি এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। কিন্তু ব্যবসায়ী কে এম মাসুদুর রহমান মাঠের জায়গা দখল করে স্থাপনা তৈরির চেষ্টা করছে। তাই এ মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে খেলার মাঠটি রক্ষার জন্য আকুল আবেদন জানান তারা।