ঝালকাঠির রাজাপুরে মনতোষ নামের এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডাকাতচক্রের প্রধান বিলকু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে তিনটি ডাকাতি ও একটি অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টসহ মোট ছয়টি মামলা রয়েছে।

রোববার সকালে রাজাপুর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়। এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে ১২ আনা ওজনের সোনার হারও উদ্ধার করা হয়।

গ্রেফতার বিলকু উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ মনোতোষের রাত্রিকালীন কঠোর পাহারার কারণে বিকলু ও তার চক্রের ডাকাতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে তারা চৌকিদার মনোতোষ হালদারের পা কেটে ফেলে। এ ঘটনায় তার নামে মামলা হলে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

পুলিশ সূত্রে আরো জানা যায়, বিকলুর বিরুদ্ধে তিনটি ডাকাতি ও একটি অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টসহ মোট ছয়টি মামলা রয়েছে। মামলাগুলো হলো, জিআর ২৯/১১, ঢাকার গুলসান থানার মামলা ৮৯(৬)০৯, জিআর ১২৭/১০, সেশন ১১৫/১৩, জিআর ৩১/১১, জিআর ৮/১১ মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘রোববার দুপুরে বিলকুকে ঝালকাঠি আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।’