নওগাঁর মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় মজিবর রহমান (৬৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পাঁজরভাঙ্গা বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
মজিবর রহমান উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় এক মসজিদে মোয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মজিবর রহমান সকালে পাঁজরভাঙ্গা বাজারের পাকা রাস্তা দিয়ে হেঁটে পশ্চিম দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পাকা রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত মজিবর রহমানের ছেলে জাইদুর রহমান বলেন, বাবা সকালে খাওয়া-দাওয়া করে বোন জোসনা বেগমের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যান। পথে পাঁজরভাঙ্গা বাজারের পশ্চিমপাশে দুর্ঘটনার শিকার হন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত মজিবর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



