নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার শহরের আদানীর মোড় এলাকায় নিহত ওয়ালিউল হাসান জুয়েলের বাড়িতে তার মা সালমা কুলসুমের হাতে অর্থ সহায়তা তুলে দেয়া হয়। কেন্দ্রীয় জামায়াতের পক্ষে এই টাকা প্রদান করেন নীলফামারী জেলা নায়েবে আমির ড. মো: খায়রুল আনাম।চলতি বছরের ৫ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারি অধ্যাপক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা আমির ও নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, শহর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, উপজেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, নীলফামারী শহর শিবিরের সভাপতি ময়নুল ইসলাম, সৈয়দপুর পৌর শিবিরের সভাপতি মো: লোকমান প্রমুখ।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার শলেয়াশাহ বাজারের অদূরে ঢাকাগামী নৈশকোচের সাথে দিনাজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নয়জনসহ মোট ১১ জন নিহত হয়। এর মধ্যে জুয়েল, সাগর ও শাহিনের বাড়ি সৈয়দপুরে। সাগর ঘটনাস্থলে এবং জুয়েল ও শাহিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জেলা জামায়াতের নায়েবে আমির ড. মো: খায়রুল আনাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিহত জুয়েলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। মানুষের সেবায় হলো ধর্ম।