ভোলা জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে আহ্বায়ক, বিএনপি নেতা শফিউর রহমান কিরণকে যুগ্ম আহ্বায়ক ও ভোলা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাইসুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিতভাবে এই কমিটি ঘোষনা করেন।
এ প্রসঙ্গে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় গোলাম নবী আলমগীর বলেন, আমার ওপর আস্থা রেখে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমাকে মনোনীত করায় দলের চেয়ারপারসন ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আগামীতে এ কমিটি রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করা, গণতান্ত্রিক পরিবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার বাস্তবায়নে এই সরকারকে বাধ্য করবো, ইনশাল্লাহ।



