নওগাঁর মান্দায় মনসুর আলী (৩৮) নামের এক যুবককে শ্বাস রোধে হত্যা করা হয়েছে। নিহত মুনসুর উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বদের আলীর ছেলে। বুধবার সকালে নিখোঁজের ৯ ঘণ্টা পর একটি ইউক্যালিপটাস বাগান থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি তাকে গল্প করার জন্য ডেকে নিয়ে গেলে তিনি আর বাড়ি ফিরে আসেননি। নিহতের পরিবার সারা রাত বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে আমন ধান উঠাতে এসে নিহতের বাড়ি থেকে ৪০০ গজ দূরে মাঠের মধ্যে একটি ইউক্যালিপটাস বাগানে তার লাশ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে নিহত মুনছুরের পরিবার ও থানা পুলিশকে সংবাদ দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত জব্দ করে তার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে মুনসুর আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছিল বলে জানান ওসি।