টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ি গ্রামে খিচুড়ি খেয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধার নাম রাহেলা বেগম (৯৪)। এ ঘটনায় শিশুসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গজিয়াবাড়ি গ্রামের মৃত বিশা চৌধুরীর স্ত্রী রাহেলা বেগম মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আশরাফুল আলম। মৃত রাহেলা বেগম দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামের মৃত বিষা চৌধুরীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গত রোববাররাতে স্থানীয় আক্কাস মিঞার বাড়িতে এক ওয়াজ মাহফিলে আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল শেষে তবারক হিসেবে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। স্থানীয় বাবুর্চি আবদুল গণির রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন গজিয়াবাড়ী গ্রামের শিশুসহ শতাধিক মানুষ। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম গজিয়াবাড়ি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আক্রান্তদের চিকিৎসা দেয়। এ ছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে আক্রান্তদের দ্রুত চিকিৎকসার জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিকের বাড়িতে আসতে বলা হয়।


আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, রোববার রাতে খিচুড়ি খাওয়ার পর এখন পর্যন্ত গ্রামের শিশুসহ দুই শতাধিক নারী পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাহেলা বেগম নামে গজিয়াবাড়ি গ্রামের এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে ডা: আশরাফুল আলম জানান, আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য দেলদুয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়াও চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাহেলা বেগম নামে এক বৃদ্ধা মঙ্গলবার রাতে মারা গেছেন।