বরগুনার তালতলীতে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণ জানতে চাওয়ায় ব্রডব্যান্ড (ওয়াইফাই) নেটওয়ার্কের স্থানীয় পরিচালক ও উপজেলার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নি¤œমাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক জাহিদুল হক সোহাগের বিরুদ্ধে তালতলীর দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের তালতলী ব্রডব্যান্ড (ওয়াইফাই) নেটওয়ার্ক অফিস গিয়ে দৈনিক নয়া দিগন্তের তালতলী উপজেলা সংবাদদাতা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তাদের কার্যালয়ের ব্রডব্যান্ড (ওয়াইফাই) নেটওয়ার্কের সংযোগ দু’দিন ধরে কেন বন্ধ রয়েছে তা জানতে চান। এ সময় কোনো কারণ ছাড়াই ব্রডব্যান্ড (ওয়াইফাই) নেটওয়ার্ক তালতলীর পরিচালক ও প্রধান শিক্ষক জাহিদুল হক সোহাগ সাংবাদিকদের সম্পর্কে কটূক্তিমূলক কথাবার্তা বলতে থাকেন।
সাংবাদিক শাহাদাত তার প্রতিবাদ করলে তিনি শাহাদাতকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং কয়েকবার মারতে এগিয়ে আসেন। এ সময় সাংবাদিক ইউসুফ আলী এহেন কার্যকলাপের প্রতিবাদ করলে তাকেও হেনস্তা করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।
ওই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করে জানান, এ আসনের বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ায় জাহিদুল হক সোহাগ ক্ষমতার দাপট দেখাচ্ছেন।
অভিযুক্ত শিক্ষক জাহিদুল হক সোহাগ বলেন, সংযোগ বিল বাকি থাকায় সংযোগটি কেটে দিয়েছি। তিনি সাংবাদিকদের সাথে কথাকাটাকাটির বিষয়টি স্বীকার করলেও তাদের লাঞ্ছিত করার বিষয়টি এড়িয়ে যান।
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক সত্যতা পাওয়া গেলে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।