গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হায়দার সুমনসহ তিনজনের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দাবিকৃত অর্থ না দিলে প্রজেক্টের ডেভেলপমেন্ট পরিচালককে হত্যার হুমকিও দিয়েছেন তারা।

অভিযোগের বিষয়টি রোববার প্রজেক্টের পরিচালক মো: ওয়াদুদ শেখ স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবহিত করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: সোহেল রানা।

অভিযুক্তরা হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হায়দার সুমন, আনিসুর রহমান ও সাদিকুর রহমান। এদের মধ্যে রনি হায়দার সুমন তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের রবিউল আউয়ালের ছেলে। সম্প্রতি সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ থেকে রনি হায়দার সুমনকে শোকজ করা হয়। সাদিকুর রহমানের বাড়ি উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিমুলিয়া এলাকায় নর্থ সাউথ গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল সিটি নামের একটি প্রকল্পের স্থাপনা নির্মাণসহ বিভিন্ন কাজ করার সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হায়দার সুমনসহ বেশ কয়েকজন নেতা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলেও হুতকি দেন তিনি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে রনি, আনিসুর ও সাদিকুরসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন প্রজেক্টে প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের অতর্কিত মারপিট করেন। পরে প্রজেক্টের সাইট অফিস, অফিসের ৪০টি চেয়ার, দুটি খাট ভাঙচুর ও প্লাস্টিকের পাইপে আগুন দিয়ে আনুমানিক দু’লাখ ৮৬ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সময় সিকিউরিটি গার্ডের চিৎকার শুনার পরেও আশপাশের লোকজন অভিযুক্তদের ভয়ে ঘটনাস্থলে আসতে সাহস পায়নি।

পরে রনি তার সহযোগীদের নিয়ে চলে যাওয়ার সময় প্রজেক্টে কোনো কাজ করতে হলে ২৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেন। চাঁদা পরিশোধ না করা পর্যন্ত প্রজেক্টের সকল কাজ বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। এছাড়া দাবিকৃত চাঁদা না দিয়ে পুনরায় কাজ করলে প্লস্টিকের পাইপের মত আগুন দিয়ে প্রজেক্টের ডেভেলপমেন্ট পরিচালক মো: ওয়াদুদ শেখকে হত্যা ও প্রজেক্টের সীমানা ছিন্নবিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দেন তিনি।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হায়দার সুমন বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমি নর্থ সাউথ গ্রুপের ইণ্ডাস্ট্রিয়াল সিটি নামের প্রজেক্টে কোনো দিন যায়নি। প্রজেক্টের ডেভেলপমেন্ট পরিচালক মো: ওয়াদুদ শেখকে আমি চিনি না।’

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সাদেকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। আমি নর্থ সাউথ গ্রুপের ইণ্ডাস্ট্রিয়াল সিটি নামের প্রজেক্টে কোনো দিন যাইনি।’ তবে প্রজেক্ট ডেভেলপমেন্ট পরিচালক ওয়াদুদ তার পূর্ব পরিচিত বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: সোহেল রানা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’