জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার ট্রাক্টরের চাপায় মৃত্যু হয়েছে একমাত্র ছেলে আব্দুল আলিমের (৭)। রোববার সকালে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কের চর কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম উপজেলা পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের চর কালিকাপুর গ্রামের আব্দুর রহমান ভিক্কু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আব্দুল আলিম ও তার সহপাঠি হাশিমকে (৬) চর কালিকাপুর আব্দুল লতিফ হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যাচ্ছিল। এ সময় দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কের চর কালিকাপুর গ্রামে দ্রুতগামী একটি মাহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায় আব্দুল আলিম। এ সময় আহত হয় তার সহপাঠি হাশিম।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু শ্যামল চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। ঘাতক ট্রাকের মালিক নিহত আব্দুল আলিমের বাবা বলে জানা গেছে।

দেওয়ানগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আব্দুস সালাম খোকা ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: কানন বলেন, নিজের গাড়ির তলে পড়ে একমাত্র ছেলের মৃত্যুতে পাগল প্রায় তার মা-বাবা। তার মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়ায় ছেঁয়ে গেছে।