শুরু হলো ফুটবল বিশ্বকাপ। খেলার আগেই বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশের ফুটবল প্রেমিরা। ৩২ দেশের এই খেলায় নিজ দেশের অংশগ্রহণ না থাকলেও, বাংলাদেশের প্রতিটি অলিতে-গলিতে এখন বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা জড়িয়ে পড়ছেন তর্ক-বিতর্কে। দুই দেশের পতাকা শোভা পাচ্ছে অসংখ্য বাড়ির ছাদে।
এবারের বিশ্বকাপের উন্মাদনা সব বয়সী মানুষের মধ্যেই ছড়িয়ে পরেছে। আর এরই অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফির রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়েছেন পাবনার আর্জেন্টিনা ভক্ত স্কুলছাত্র সাকিবুল ইসলাম সাকিব। কাগজ, আঠা, রঙের সংমিশ্রণে প্রায় এক বছরেরও বেশি সময়ের পরিশ্রমে ট্রফিটি তৈরি করেছেন সাকিব। হুবুহু ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফির মতো রেপ্লিকাটি দেখতে তাই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ফুটবল প্রেমিরা। প্রতিদিনই ভীড় করছে তার বাড়িতে ট্রফিটি এক নজর দেখার জন্য।
সাকিব পাবনা জেলার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের তায়নুল ইসলামের ছেলে। সে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
সাকিব জানায়, মা সালমা খাতুন শখের বসে কাগজ, কাঠ, কাপড় দিয়ে শৌখিন ফুলদানী ও শিল্পকর্ম তৈরি করেন। তার দেখাদেখি আমার মনেও বিশ্বকাপ ফুটবল ট্রফি তৈরির ইচ্ছা জাগে। ইন্টারনেট থেকে ছবি ও নকশা সংগ্রহ করে ট্রফি তৈরিতে অবসর সময় ব্যয় করতে থাকি। লেগে যায় প্রায় এক বছর। একপর্যায়ে সফল হলে এলাকায় হৈচৈ পড়ে যায়। সাকিব আর্জেন্টিনার সমর্থক। আমার প্রিয় দল এবার যেন ট্রফি জিতে নেয় সে আশা বুকে ধারণ করে আছে সব সময়।
সাকিবের বড় ভাই রাকিব হোসেন বলেন, বিশ্বকাপের রেপ্লিকা তৈরি করার শুরুর দিকে ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছিল না সাকিব। একপর্যায়ে উৎসাহ হারিয়ে ফেলে কাজ বন্ধ করে দেয়। তখন আমি তাকে ইন্টারনেটের সহযোগিতায় নকশা সংগ্রহ করে দেয়। কঠোর পরিশ্রমে সে ট্রফির রেপ্লিকা তৈরিতে সফল হয়েছে। আমি খুবই আনন্দিত।
তিনি আরো বলেন, আমি ব্রাজিলের সাপোর্টার। সাকিব আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে ট্রফি হাতে মিছিল করে বেড়াচ্ছে। এ নিয়ে আমাদের দুই ভাইয়ের হাসি তামাশা চলছে। আমি চাই সত্যিকার অর্থেই বাংলাদেশের ফুটবল দল একদিন বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে নিয়ে আসুক। এই স্বপ্ন যেন কোনো একদিন বাস্তবে রুপ নেয় তাদের। এই বুক ভরা আশা তাদের।
সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বাঙালি জাতি ফুটবল প্রেমি। গ্রামাঞ্চলে বিশ্বকাপ ফুটবলের আনন্দ মাস জুড়ে উৎসবে রূপ নেয়। সাকিবের বানানো বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা সে আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে।



