নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে বিনয় চন্দ্র মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার সকালে উপজেলার মৈনম ইউনিয়নের মধ্য-দুর্গাপুর গ্রামের এক আমন ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিনয় চন্দ্রএকই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত শ্রীকণ্ঠ মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়ালা ছিলেন। ধারণা করা হচ্ছে কে বা কারা হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পাশের গ্রামের তফসের নামে এক ব্যাক্তি ঝগড়া-ফ্যাসাদ মিমাংসার জন্য তাকে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে জমির ভিতরে তার লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে লাশ শনাক্ত করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



