নওগাঁর আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ব্রজপুর খন্দকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। এ ঘটনায় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতরে স্ত্রী নাজমা আক্তার বলেন, মাসখানেক আগে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের দেয়াল সংলগ্ন স্থানে ভাত রান্নার চুলা নির্মাণ করে রান্নাবান্না করে আসছিলেন তিনি। ওই চুলার ধোঁয়া আক্তারের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে এবং চালের টিন নষ্ট হচ্ছে- এমন অভিযোগ তুলে গ্রামের কয়েকজনের মাধ্যমে রান্নার চুলা বন্ধ করতে বলে। আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নিবো বলে তাদেরকে জানিয়েছিলাম। এরপরও মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৯টায় আলমগীর হোসেন খাবার খেয়ে বাড়ির পশে সিংসাড়া মোড়ে নিজ দোকানে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী আক্তার ও তার পরিবারের লোকজনসহ কয়েকজন আলমগীরের রাস্তা অবরোধ করে মারপিট করতে থাকেন। এ সময় আলমগীরের লোকজন দেখতে পেয়ে ছুটে গেলে আক্তার ও তার লোকজন পালিয়ে যায়। আলমগীরকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিলে চিকিৎসক আলমগীরকে মৃত্যু ঘোষণা করেন।

আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বলেন, নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আক্তার ও তার লোকজন পলাতক রয়েছেন।