পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘দেশের এক ইঞ্চি জমি ও পরিত্যক্ত/ অনাবাদি থাকবে না’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্ধ সহস্রাধিক কৃষকদের সাথে নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম ফেরদৌসের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চিশতী, পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, বিএডিসির উপ-পরিচালক মো: মাজাহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোছা: রুনা লায়লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি নির্মল কুমার শর্মা প্রমুখ।

এছাড়াও উপজেলার দশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ এবং প্রায় অর্ধ সহস্রাধিক কৃষক সমাবেশ উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের নানা বিষয়ে পরামর্শ এবং কৃষি কাজে উৎসাহ প্রদান করে বক্তব্য দেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যকালে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দেশে বর্তমানে খাদ্যের মজুদ সর্বোচ্চ রয়েছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে দেশে বর্তমানে খাদ্য সঙ্কটের কোনো সম্ভাবনা নেই এবং আমরা অচিরেই খাদ্য রফতানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হব।

কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বোরো মৌসুমের সরিষা, ভূট্টা, গম ও অন্য ফসলের প্রণোদোনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম।