নরসিংদীর মনোহরদীতে তাবলিগ জামাতের মূল ধারার তিন দিনব্যাপী জেলা ইজতেমা চলছে। নরসিংদী জেলা তাবলিগ জামাতের উদ্যোগে এই ইজতেমার আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের প্রায় ৫০ লাখ ধর্মপ্রাণ মুসলমান ওই ইজতেমায় অংশগ্রহণ করেছেন।
উপজেলার একদোয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামে ওই ইজতেমা অনুষ্ঠিত চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফজরের পর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা জিয়া উদ্দিনের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। শনিবার ফজরের পর দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনার দোয়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
ইজতেমায় দিল্লী মার্কাজ মসজিদের মুরুব্বি নাসির উদ্দীনসহ দেশ বিদেশের অনেক মুরুব্বিগণ ঈমান, আমল ও হেদায়াতের বিষয়ে আলোচনা করেছেন।
জেলা ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুর রহমান সোহেল জানান, ইজতেমা সফল করার জন্য প্রায় দেড় শত স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত তদারকি করছেন।



