নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে আত্রাই উপজেলা শ্রমীকলীগের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস ছালাম ১০ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার বাদি আব্দুস ছালাম বলেন, শনিবার সকালে আত্রাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। এরপর মিছিল আত্রাই সেতুর কাছে পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে চারজন নেতাকর্মী আহতের দাবি করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ দুটি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে শনিবার রাতে ১০ জনকে এজাহারনামীয় ও আরো ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় আব্দুস ছালাম একটি মামলা করেছেন। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানান তিনি।



