দিনাজপুরের ফুলবাড়ীতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আলমগীর কবির (৩৮) নামে কথিত এক জিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা বাজার থেকে আলমগীর কবিরকে গ্রেফতার করা হয়। কথিত জিনের বাদশাহ আলমগীর কবির গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাহীম গ্রামের আবুল ইসলামের ছেলে।
ফুলবাড়ী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাত ১০টার দিকে ০১৭০৫ ৯১৬৫৪৩ মোবাইল নম্বর থেকে ফুলবাড়ী উপজেলার নন্দীগ্রামের বাসিন্দা মোস্তফা কামালের স্ত্রী আমেনা বেগমের ০১৩২৪ ০০৯৭১৯ নম্বরের মোবাইলে কল আসে। কিন্তু ফোনটি আমেনা বেগমের স্বামী মোস্তফা কামাল ধরেন। এ সময় অপর প্রান্ত থেকে নামাজ ও কুরআন শরিপ পড়াসহ নানা ধরনের ধর্মীয় কথাবার্তার একপর্যায়ে মসজিদে একটি জায়নামাজ দেয়ার জন্য বলা হয়। এ কথা শুনে ভয়ে আমেনা বেগম ওই দিন সকাল ৮টা ২০ মিনিটে পার্শ্ববর্তী রাহুলের ০১৭৮৮ ২২৮৪৯৪ নম্বরের মোবাইল থেকে ৫৫০ টাকা বিকাশ করে পাঠিয়ে দেন। এরপর থেকে পরিবারের স্বামী ও সন্তানদের মৃত্যুসহ নানা ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে চলতি বছরের ৯ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কথিত ওই জিনের বাদশাহ বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে এক লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ ২২ নভেম্বর প্রতারণার শিকার আমেনা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গত শনিবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা বাজার এলাকা থেকে কথিত জিনের বাদশা আলমগীর কবিরকে গ্রেফতার করে।
থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, প্রতারক আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে খোয়া যাওয়া টাকাও উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে।
ফুলবাড়ীতে ‘জিনের বাদশাহ’ গ্রেফতার
দিনাজপুরের ফুলবাড়ীতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আলমগীর কবির (৩৮) নামে কথিত এক জিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার...



