ফরিদপুরের সালথার সংঘর্ষের খবর প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয়েছিল। এলাকার মানুষের মধ্যে ছিল পুলিশি আতঙ্ক। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বহু পরিবার। সেই সময়ে সালথা থানার ওসি হিসেবে যোগদান করেন শেখ সাদিক। তিনি সালথা থানায় যোগদানের পর থেকেই যেন সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়তে শুরু করে। মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, হাট-বাজার, খেলার মাঠে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে দাঙ্গা-হাঙ্গামা একেবারে বন্ধ হয়ে যায়।
এ ছাড়া শেখ সাদিক থানার অভিযোগ অনুসন্ধান, মাদক জব্দ, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার দুপুরের দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এ সময় শেখ সাদিকের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।