দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী আকিলাপাড়া গ্রামের গৃহবধূ সালমা আক্তার (ছদ্ম নাম) কিছুদিন আগে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে একটি ভিডিও ক্লিপে দেখতে পান যে ‘টু লাইক’ ও ‘বিবিএইচ’ নামের ওয়েবসাইটে ঢুকে শুধু বিজ্ঞাপন দেখেই হাজার হাজার টাকা আয় করা যায়। সেখানে বলা ছিল এনড্রয়েড ফোন দিয়ে বিবিএইচ (অ্যাপস) ডাউনলোড করুন, প্রথমে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে ভিডিও ক্লিপটির ডেসক্রিপশনে দেয়া লিংকের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যা ভিআইপি-১ নিতে পাঁচ হাজার এবং ভিআইপি-২ নিতে ১০ হাজার টাকা। এর মধ্যে টু লাইক আইডি দিয়ে লগ-ইন করে ভিআইপি-১ এর ক্ষেত্রে দিনে মাত্র চারটি ভিডিও অ্যাড. দেখতে হয়, লাইক দিয়ে সাবসক্রাইব করে স্ক্রিনশট পাঠাতে হয় ওই অ্যাপসেই। ভিআইপি-২ এর ক্ষেত্রে আটটি অ্যাড দেখতে হয়। এতে করে ভিআইপি-১ থেকে প্রতিদিন ৪০০ টাকা এবং ভিআইপি-২ তে ৮০০ টাকা আয় করা সম্ভব বলে ওই ভিডিও ক্লিপে উল্লেখ ছিল। এমন সহজেই ঘরে বসে টাকা আয়ের লোভে পড়ে গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ‘বিবিএইচ’ একটি আইডি কেনেন সালমা আক্তার।
একইসাথে বলা হয় ভর্তির সময় ৬০ পয়েন্ট এবং প্রতিজন ভর্তি করালে ২ পয়েন্ট। এভাবে তার আইডিতে ২০০ পয়েন্ট হলে ১০ হাজার টাকা হিসেবে বেতনও পাবেন। এরপর থেকে প্রতিদিন বিজ্ঞাপনে ক্লিকের মাধ্যমে টাকা আয় এবং লোক ভর্তি শুরু করেন তিনি।
এরই মধ্যে উপজেলার খয়েরবাড়ী আকিলাপাড়া গ্রামে ১০-১২ জন তার মাধ্যমে বিবিএইচ আইডি কেনেন। একইভাবে ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া এলাকায় তিনজন আইডি কেনেন এবং পৌর শহরে কেনেন একজন। তাদের ভাষ্যমতে এ ক্ষেত্রে কেউ যদি আইডি রেফার করে আইডি বিক্রির সুযোগ করে দিতে পারেন তাহলে ওই রেফার আইডি পাবেন ৪০০ টাকা।
বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, অনেকে বৈধ সাইটে কাজ করে আউটসর্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। অপর দিকে অনলাইনে ভার্চুয়াল জগতে অনেক ভুয়া বিষয়ও আছে, যা যাচাই না করে এগুলোতে সম্পৃক্ত হলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিবিএইচ অইডির বিষয়টিও হয়ত এ রকম হতে পারে, তবে এ বিষয়ে আমরা অবগত নই।