অবৈধ, ভোটবিহীন সরকারের পতন আন্দোলন শুরু হয়ে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দেশের মানুষের মুক্তি, গণতন্ত্র মুক্তি ও দেশে জনগণের সরকার কায়েমের জন্যে যেকোনো ত্যাগের জন্যে প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির নেতারা বলেন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে মা-মাটি জনগণের দল বিএনপি মানিকগঞ্জে যেকোনো সময়ের চেয়ে এখন বেশি সংগঠিত ও শক্তিশালী। এবার আরেকবার প্রমাণ হবে মানিকগঞ্জের মাটি বিএনপির ঘাটি।
জেলা বিএনপির সূত্র জানায়, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপ বাগ মাঠে অনুষ্ঠিত ঢাকার বিভাগীয় গণসমাবেশে দলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, ১৩ ডিসেম্বর দলটি সারাদেশে সব বিভাগীয় ও জেলা সদরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। পাশাপাশি ২৪ ডিসেম্বর বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালন করার কর্মসূচি দিয়েছে।

আজ দুপুরে জেলা বিএনপির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক জিয়া উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ, দফতর সম্পাদক আরিফ হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মহি উদ্দিন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মো: জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুসরাত-উল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল খালেক, জেলা তাঁতী দলের আহ্বায়ক আবদুস ছাত্তার ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভোটার বিহীন সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সারা দেশে বিএনপির আন্দোলন সংগ্রামে পুলিশ গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যা করছে। দলের জাতীয় ও কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার ও দলের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করছে।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে নেতাকর্মীরা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।

বক্তারা অরো বলেন, এ সরকার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।