অনিয়মের অভিযোগ এনে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবের প্রতি অনাস্থা এনেছেন ইউনিয়নের সাত ইউনিয়ন পরিষদ সদস্য। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তারা লিখিত অভিযোগ জমা দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। অনাস্থা প্রস্তাবকারী ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন- কাজল মিয়া, মোহাম্মদ সোলেমান, শফিকুল ইসলাম, সৈয়দ মহসীন কবির, নাসিমা বেগম, মিনারা খাতুন শিকদার ও মোস্তফা হোসেন।
ইউনিয়ন পরিষদ সদস্যরা অভিযোগ করে বলেন, ওই চেয়ারম্যান বিভিন্ন সনদপত্র দিতে সরকার-নির্ধারিত ফি ছাড়াও তিনি অতিরিক্ত টাকা নেন। তিনি বিভিন্ন প্রকল্পের কাজ না করিয়ে অর্থ তুলে আত্মসাৎ করাসহ ভিজিএফ, ভিজিডি, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার জন্য ইচ্ছেমতো নাম অন্তর্ভুক্ত করেন।
লিখিত অভিযোগে বলা হয়, সদস্যদের সাথে কোনো ধরনের সমন্বয় ও পরামর্শ ছাড়াই চেয়ারম্যান নিজের ইচ্ছে অনুযায়ী পরিষদ চালাচ্ছেন। একক সিদ্ধান্তে ইউনিয়নের জনগণের করের প্রায় ১৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় দু’টি প্রকল্পের ছয় লাখ ১৯ হাজার টাকার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া চলতি অর্থবছরের স্থাবর সম্পত্তি হস্তান্তর কর (১ শতাংশ) থেকে পাওয়া তিন লাখ টাকার রাজস্ব আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।
এসব অভিযোগের বিষয় নিয়ে খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, তাদের সাথে কোনো ঝামেলা হয়নি। কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ তারা এনেছেন, তা আমার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাবিহিত ব্যবস্থা নেয়া হবে।



