গণজাগরণকে বাধাগ্রস্থ করে জনতার আন্দোলনকে স্তব্ধ করে দেয়ার জন্যই আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলেছেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসান।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।
মহানগর সেক্রেটারী মো: খায়রুল হাসান বলেন, ডা: শফিকুর রহমান একজন জন দরদী, পরোপকারী, দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সজ্জন এবং ক্লিন ইমেজের মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত। জনগণ অত্যন্ত ব্যথিত ও বিস্মিত যে সরকার হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে জঘন্যতম মিথ্যা অভিযোগে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি জামায়াতের আমির তো দূরের কথা, জামায়াতের একজন কর্মী ও কোনো প্রকার সন্ত্রাসী এবং উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত নয়। যা জামায়াতের গঠনতন্ত্রে বর্ণিত স্থায়ী কর্মনীতিতে পরিষ্কার বলা আছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সরকার প্রধানকে বলবো এরকম জঘন্যতম মিথ্যাচার করা থেকে বিরত থাকুন। নিরপরাধ মানুষদের ক্ষমতার জোরে মিথ্যা অজুহাতে কষ্ট দিয়েন না। সময়ের ব্যবধানে জুলুমের পরিণতি হিসেবে দুনিয়া ও আখিরাতে আল্লাহর আযাব গজবের শিকার হবেন সেদিন কেউ বাঁচাতে পারবে না’।
অবিলম্বে তিনি আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি শনিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূবালী ব্যাংকের নিকট থেকে শুরু হয়ে সালনা বাজার বাসস্ট্যান্ড এসে মহানগর সহকারী সেক্রেটারি মো: হোসেন আলীর সঞ্চালনায় নগর সেক্রেটারির বক্তব্যের মধ্য দিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য সালাহউদ্দীন আইউবী, জামায়াত নেতা আবু তাকি, মো: ছাদেকুজ্জামান খান, মো: আশরাফ আলী কাজল, আশরাফুল আলম রাজু, মো: মিয়াজ উদ্দিন, মো: মাসুম বিল্লাহ, ফজলুল হক নোমান, মো: তারিকুজ্জামান প্রমুখ।



